ডার্ক মোড
Wednesday, 22 July 2026
ePaper   
Logo
২০২৭ সালের জন্য সরকারি ও বেসরকারি প্যাকেজ ঘোষণা: প্রধানমন্ত্রীর পদক্ষেপে বিমান ভাড়া ২৪,৮৩০ টাকা হ্রাস

২০২৭ সালের জন্য সরকারি ও বেসরকারি প্যাকেজ ঘোষণা: প্রধানমন্ত্রীর পদক্ষেপে বিমান ভাড়া ২৪,৮৩০ টাকা হ্রাস

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ ব্যক্তিগত উদ্যোগে বিমানের ভাড়া ২৪,৮৩০ টাকা হ্রাস পাওয়ায় ২০২৭ সালের জন্য আনুষ্ঠানিকভাবে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ও দুটি ভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) ২০২৭ সালের হজ প্যাকেজ ও নির্দেশিকা বিস্তারিত তুলে ধরে এই ঘোষণা দেন।

ঘোষিত মূল্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় 'হজ প্যাকেজ-১'-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং 'হজ প্যাকেজ-২' (ইকোনমিক)-এর খরচ রাখা হয়েছে ৫,০৫,৬৪৮ টাকা। এছাড়া বেসরকারি এজেন্সির মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,১৩,৬৪৮ টাকা।

প্যাকেজের কাঠামোগত পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে মন্ত্রী জানান, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজের জন্য আবাসন, পরিবহন, ক্যাটারিং, তাঁবু সেবা এবং সার্ভিস প্যাকেজগুলোকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় নিয়ে এসেছে। ২০২৬ সালের হজে মিনা ও আরাফাতে চার ক্যাটাগরির সার্ভিস প্যাকেজ থাকলেও ২০২৭ সালের মৌসুমে তা কমিয়ে তিনটিতে নামিয়ে আনা হয়েছে। এছাড়া সেবার মান বাড়াতে এবার সব হজযাত্রীর জন্য ‘হাফ-বোর্ড’ ক্যাটারিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।

ভ্রমণ খরচ হ্রাসের বিষয়ে ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, ২০২৩ সালে যেখানে বিমান ভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল এবং ২০২৫ সালের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে তা ১,৬৭,৮২০ টাকা করা হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২০২৭ সালের হজে বিমান ভাড়া ১,৩০,০০০ টাকায় নামিয়ে আনা হয়েছে। এটিকে তিনি হজ ব্যবস্থাপনার ইতিহাসে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

পূর্ববর্তী প্রশাসনের সাথে বর্তমান সরকারের তুলনামূলক চিত্র তুলে ধরে মন্ত্রী মন্তব্য করেন, বিগত শাসনব্যবস্থা যেখানে হজের উড়োজাহাজ ভাড়া বাড়ানোর উপায় খুঁজত, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ওপর থেকে আর্থিক বোঝা কমাতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এটি জনগণের প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসা, সহানুভূতি ও জবাবদিহিতারই বহিঃপ্রকাশ।

সামগ্রিকভাবে হজের খরচ বেড়েছে নাকি কমেছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী ব্যাখ্যা করেন, আগের বছরের সর্বনিম্ন প্যাকেজে খাবারের খরচ অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু এবার বাধ্যতামূলক ক্যাটারিং যুক্ত হওয়া, সার্ভিস প্যাকেজ 'ডি' বিলুপ্ত হওয়া এবং সৌদি রিয়ালের বিনিময় হার বৃদ্ধির কারণে ২০২৭ সালের খরচ কাঠামোতে অতিরিক্ত ৬৬,৫৭৪ টাকা সমন্বয় করতে হয়েছে।

প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের জন্য একটি বড় ধরনের প্রশাসনিক সুবিধার ঘোষণা দিয়ে মন্ত্রী জানান, ২০২৭ সালের হজে প্রবাসীরা নিজ নিজ অবস্থানরত দেশ থেকেই প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা, টিকাদান এবং ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন। এই প্রক্রিয়ার জন্য তাদের আর বাংলাদেশে ফিরে আসতে হবে না।

প্যাকেজের শর্তাবলী অনুযায়ী, 'হজ প্যাকেজ-১'-এর হজযাত্রীরা মক্কার হারাম শরীফের বহিরাঙ্গন থেকে ১,০০০ থেকে ১,৪০০ মিটারের মধ্যে এবং মদিনার মারকাজিয়া এলাকায় অবস্থান করবেন। মিনায় তাদের জন্য জোন-২-এ তাঁবুর ব্যবস্থা থাকবে এবং মিনা-আরাফাতে মোয়াল্লেমের সরবরাহ করা খাবারসহ সার্ভিস প্যাকেজ-৩-এর সুবিধা পাবেন। এই প্যাকেজে অবস্থানের মেয়াদ হবে ৩৫ থেকে ৪০ দিন; তবে অতিরিক্ত ফি প্রদান সাপেক্ষে রুম আপগ্রেড বা শর্ট (স্বল্পমেয়াদী) প্যাকেজের সুযোগ থাকবে।

অন্যদিকে, সাশ্রয়ী 'হজ প্যাকেজ-২'-এর আওতায় হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদ নববী থেকে ৮০০ মিটারের মধ্যে থাকার সুবিধা পাবেন।

সংবাদ সম্মেলনে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্মবিষয়ক সচিব মুনশী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, হজের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম, যুগ্ম সচিব ড. মনজুরুল হক, হাব (HAAB) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন