ফরিদপুরে নন্দিতা সুরক্ষার কর্মশালা: গুরুত্ব পেল নারীর মানসিক স্বাস্থ্য ও সচেতনতা
মাহবুব পিয়াল, ফরিদপুর
নারীর মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি, সহানুভূতিশীল আচরণ চর্চা এবং মনস্তাত্ত্বিক প্রাথমিক চিকিৎসা (সাইকোলজিক্যাল ফার্স্ট এইড) বিষয়ে মৌলিক ধারণা দেওয়ার লক্ষ্যে ফরিদপুরে "নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহানুভূতি ও ব্যবহারিক পদক্ষেপ" শীর্ষক দিনব্যাপী এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শহরের বেলপিয়াতো চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে ফাউন্ডেশন ফর উইমেন পসিবিলিটিজের সহযোগিতায় স্পেস (SPACE) প্রকল্পের আওতায় নন্দিতা সুরক্ষা এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মজীবী নারী, তরুণ-তরুণী, যুব প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, নারী অধিকার কর্মী এবং সামাজিক উন্নয়ন সংগঠনের প্রতিনিধিসহ মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) মানসিক স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক কল্যাণ বিষয়ক কর্মসূচি বিশেষজ্ঞ মহাপারা আলম। তিনি নারীর মানসিক স্বাস্থ্যের বর্তমান প্রেক্ষাপট, পেশাগত ও শিক্ষাগত ক্ষেত্রের মানসিক স্বাস্থ্য ঝুঁকি, মানসিক চাপ, দুশ্চিন্তা (অ্যাংজাইটি), চরম ক্লান্তি (বার্নআউট) ও বিষণ্নতার কারণ, প্রাথমিক লক্ষণ এবং যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে সহানুভূতিশীল প্রতিক্রিয়া ও মনস্তাত্ত্বিক প্রাথমিক চিকিৎসার গুরুত্ব নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
অংশগ্রহণমূলক এ কর্মশালায় বিশেষজ্ঞ আলোচনা, দলগত আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, প্রশ্নোত্তর পর্ব এবং ব্যক্তিগত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়, যা অংশগ্রহণকারীদের হাতে-কলমে বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে। কর্মশালায় অংশ নেওয়া তরুণ ও সামাজিক কর্মীদের নিজ নিজ কর্মক্ষেত্র ও সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এবং সহযোগিতামূলক পরিবেশ তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত বলেন, "নারীর মানসিক স্বাস্থ্য একটি মৌলিক অধিকার এবং একটি সুস্থ সমাজ গঠনে নারীর মনস্তাত্ত্বিক সুরক্ষার কোনো বিকল্প নেই।" নারী ও যুবসমাজের মানসিক স্বাস্থ্য, অধিকার ও কল্যাণ সুরক্ষায় নন্দিতা সুরক্ষা ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাপনী পর্বে বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের (বিএফএফ) নির্বাহী পরিচালক এএনএম ফজলুল হাদী সাব্বির। তিনি বলেন, "নারীর শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। মানসিক সুরক্ষা নিশ্চিত না করে ব্যক্তি, পরিবার, কর্মক্ষেত্র বা সামগ্রিক সমাজ ব্যবস্থার টেকসই উন্নয়ন সম্ভব নয়।"

