ডার্ক মোড
Tuesday, 21 July 2026
ePaper   
Logo
হজযাত্রীদের আবাসন কোটা ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর, সৌদি রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ

হজযাত্রীদের আবাসন কোটা ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর, সৌদি রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ২০২৭ সালের হজে বাংলাদেশি হজযাত্রীদের জন্য অতিরিক্ত ব্যাকআপ আবাসন কোটা পূর্বের ন্যায় ১ শতাংশ বহাল রাখার জন্য সৌদি সরকারের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

আজ সোমবার বিকেলে গুলশানে সৌদি দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ-এর সাথে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এই অনুরোধ জানান।

সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজ মৌসুমের জন্য এই বাধ্যতামূলক ব্যাকআপ আবাসন কোটা বাড়িয়ে ২ শতাংশ নির্ধারণ করে। এই সিদ্ধান্তের ফলে হজযাত্রীদের সামগ্রিক হজ খরচ আরও বেড়ে যাবে উল্লেখ করে ধর্মমন্ত্রী ২০২৬ সালের হজ মৌসুমের মতো এই হার ১ শতাংশে রাখার আহ্বান জানান।

মন্ত্রীর এই অনুরোধের প্রেক্ষিতে সৌদি রাষ্ট্রদূত নিশ্চিত করেন যে, তিনি এই বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে একটি আধাসরকারি (ডিও) পত্র পেয়েছেন এবং বিষয়টি ইতিবাচক সুপারিশসহ ইতোমধ্যে রিয়াদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। একই সাথে তিনি চলতি বছর বাংলাদেশের দক্ষ হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সমন্বয়ের ক্ষেত্রে মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক চিঠিতে আরও কিছু প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যার মধ্যে হজযাত্রীদের জন্য ক্যাটারিং সার্ভিস বা খাবার সরবরাহ ব্যবস্থা ঐচ্ছিক করা এবং মিনা ও আরাফাতে সার্ভিস প্যাকেজ 'ডি'-এর মূল্যের সাথে সামঞ্জস্য রেখে সার্ভিস প্যাকেজ-৩-এর মূল্য নির্ধারণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

আলোচনাকালে মন্ত্রী কায়কোবাদ চলতি বছর একটি সুষ্ঠু, সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিত হজ অপারেশন সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন।

দূতাবাসে পৌঁছালে ধর্মমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি রাষ্ট্রদূত এবং দূতাবাসের ঊর্ধ্বতন কূটনৈতিক কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন