নওগাঁর মান্দায় কৃতি শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে প্রশাসনের সংবর্ধনা
এম রেজাউল ইসলাম, নওগাঁ
নওগাঁর মান্দায় শিক্ষাক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২৭৬ জন কৃতি শিক্ষার্থী এবং ৪৯টি সেরা শিক্ষাপ্রতিষ্ঠানকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত ও সংবর্ধনা প্রদান করা হয়।
এসএসসি, দাখিল এবং বিভিন্ন স্তরের বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনের ভিত্তিতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘কৃতি শিক্ষার্থী এবং সাফল্য অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান পুরস্কৃতকরণ ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানটি আয়োজিত হয়।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, বাশিস মান্দা শাখার আহবায়ক সদেরুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন ও আনিছুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া, প্রধান শিক্ষক রেজাউল ইসলাম এবং কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে এনাম আহমেদ ইদুল।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫৮ জন, দাখিল পরীক্ষায় ৫ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় স্কুল পর্যায়ের ৯১ জন, মাদ্রাসা পর্যায়ের ৪ জন ও ইবতেদায়ি পর্যায়ের ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এসএসসি পরীক্ষায় সেরা ফলাফলের জন্য ৩০টি স্কুল, জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ২ টি স্কুল, দাখিল পরীক্ষায় ১০টি মাদ্রাসা এবং প্রাথমিক বৃত্তিতে ৭টি প্রাথমিক বিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়।

