ডার্ক মোড
Thursday, 24 September 2026
ePaper   
Logo
দুই সরকারি কালভার্ট বন্ধ, দুই মাস ধরে পানিবন্দী বিদ্যালয়—ভোগান্তিতে চরলরেঞ্চের শিক্ষার্থীরা

দুই সরকারি কালভার্ট বন্ধ, দুই মাস ধরে পানিবন্দী বিদ্যালয়—ভোগান্তিতে চরলরেঞ্চের শিক্ষার্থীরা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে দুই সরকারি কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠেছে রুটিওয়ার বাড়ির নুর নবীর ছেলে আলমগীরের বিরুদ্ধে। এতে  একটি গ্রামে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
 
 চরলরেঞ্চ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিক্ষা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা পানিতে তলিয়ে গেছে। প্রায় চার মাস ধরে এমন পরিস্থিতিতে দুর্ভোগ পোহাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, এমপির খালের শাখার সঙ্গে সংযুক্ত দুটি সরকারি কালভার্টের পানি চলাচলের পথ বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় রুটি ওয়ালার বাড়ির নুর নবীর ছেলে আলমগীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।
 
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের আঙিনায় হাঁটুপানি জমে রয়েছে। পানি পেরিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে। অনেক সময় অসাবধানতাবশত পানিতে পড়ে বই-খাতা ভিজে যাচ্ছে। বিদ্যালয়ের মাঠ পানিতে ডুবে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা ও স্বাভাবিক বিনোদন থেকেও বঞ্চিত হচ্ছে।
শিক্ষকরা জানান, শিশুদের জন্য বিদ্যালয়ের মাঠ শুধু খেলাধুলার জায়গা নয়, তাদের স্বাভাবিক বেড়ে ওঠারও একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় সেই পরিবেশটুকুও হারিয়ে গেছে। বিদ্যালয়ের ভেতরে ও আঙিনায় পানি থাকায় শিক্ষার্থীদের চলাচল এবং স্বাভাবিক পাঠদানেও বিঘ্ন ঘটছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকছুদুর রহমান ও নাছিমা আক্তার এবং প্রধান শিক্ষক ফখরুল ইসলাম বলেন, দুইটি সরকারি কালভার্ট বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন হচ্ছে না। বিদ্যালয়সহ আশপাশের ঘরবাড়ি পানিতে ডুবে থাকছে। দ্রুত কালভার্ট দুটি খুলে দিয়ে পানি চলাচলের ব্যবস্থা করা প্রয়োজন।
 
এদিকে জলাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, সরকারি কালভার্টের পানি চলাচলের পথ দ্রুত উন্মুক্ত করে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন করতে হবে। একই সঙ্গে সরকারি স্থাপনা বন্ধ করে রাখার অভিযোগের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
 
চরলরেঞ্চ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সরকারি কালভার্ট কে বা কারা বন্ধ করে রেখেছে, তা তাঁর জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং বাঁধ খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
 
শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। শিশুদের বিদ্যালয়ে স্বাভাবিকভাবে চলাচল ও খেলাধুলার পরিবেশ ফিরিয়ে দিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি তাদের।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন