ডার্ক মোড
Sunday, 20 September 2026
ePaper   
Logo
প্রাথমিক শিক্ষার সাফল্যের প্রধান মাপকাঠি হতে হবে শিক্ষার্থীদের শিখনফল: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার সাফল্যের প্রধান মাপকাঠি হতে হবে শিক্ষার্থীদের শিখনফল: ববি হাজ্জাজ

স্টাফ রিপোর্টার

প্রাথমিক শিক্ষায় চলমান সংস্কার ও উন্নয়ন উদ্যোগের প্রকৃত প্রভাব দীর্ঘমেয়াদে মূল্যায়ন করতে হবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, অবকাঠামোগত উন্নয়ন বা প্রকল্প বাস্তবায়ন নয়—শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অর্জিত ‘শিখনফল’ (লার্নিং আউটকাম)-কেই সাফল্যের প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করতে হবে।

শনিবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’ আয়োজিত “নাগরিক প্ল্যাটফর্ম সংলাপ: সরকার কতদূর অগ্রগতি অর্জন করেছে? ফোকাস: প্রাথমিক শিক্ষা” শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি) প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্বীকার করেন যে, প্রকল্পভিত্তিক উদ্যোগগুলো ঐতিহাসিকভাবে ভৌত অবকাঠামো, প্রযুক্তিগত সুযোগ-সুবিধা এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

শিক্ষক সংকট এবং পদ্ধতিগত ব্যবস্থাপনা চ্যালেঞ্জ দূর করতে প্রতিমন্ত্রী নিয়োগপ্রক্রিয়া, পেশাগত পদোন্নতির ধারাবাহিকতা, পারফরম্যান্স মূল্যায়ন এবং প্রশিক্ষণকে একই সুতায় গেঁথে সমন্বিত কাঠামোর আওতায় আনতে দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক সংস্কারের ঘোষণা দেন।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ, গণসাক্ষরতা অভিযানের (ক্যাম্পে) নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহারীন ইসলাম খান এবং ড. তাসনিম জারা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন