ফায়ার সার্ভিস ও এ্যারাব-এর যৌথ যোগাযোগ মহড়া সফলভাবে সম্পন্ন
স্টাফ রিপোর্টার
যেকোনো দুর্যোগে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে উদ্ধার ও পরিচালন কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যারাব)-এর মধ্যে যৌথ যোগাযোগ মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৩ আগস্ট শুরু হওয়া এই দেশব্যাপী মহড়া মঙ্গলবার (২৫ আগস্ট) শেষ হয়।
২৩ আগস্ট সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও রক্ষণাবেক্ষণ) লেফট্যানেন্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি আনুষ্ঠানিকভাবে এই মহড়ার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস অধিদপ্তরের উপপরিচালক (অপারেশন ও রক্ষণাবেক্ষণ) মো. মামুনুর রশীদ, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস), এ্যারাব-এর সাধারণ সম্পাদক অনুপ কুমার ভৌমিকসহ ফায়ার সার্ভিস ও এ্যারাব-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-র সার্বিক দিকনির্দেশনায় এই মহড়া পরিচালিত হয়। বড় ধরনের প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে ফায়ার সার্ভিসের নিজস্ব যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে কীভাবে অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশনের সদস্যরা বিকল্প যোগাযোগ পুনরায় স্থাপন করে উদ্ধার তৎপরতা সচল রাখবেন, মূলত সেটিরই বাস্তব অনুশীলন করা হয় এই মহড়ায়। ৮টি বিভাগের মোট ১৬টি স্থানে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা, তেজস্ক্রিয়তা এবং পাহাড়ি ধসের মতো বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযানের প্রস্তুতি অনুশীলন করা হয়।
এই মহড়ার মাধ্যমে ফায়ার সার্ভিস এবং অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মধ্যে যৌথভাবে কাজ করার প্রক্রিয়া ও পারস্পরিক সমন্বয় আরও সহজতর হয়েছে। মহড়ার দ্বিতীয় দিন অর্থাৎ ২৪ আগস্ট ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল মিরপুরে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফট্যানেন্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার মহড়ার স্থানসমূহ পরিদর্শনের মাধ্যমে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে বেলা ৩টা ৩০ মিনিটে মহড়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস জরুরি পরিচালন কেন্দ্র (ইওসি) থেকে পরিচালক (অপারেশন ও রক্ষণাবেক্ষণ) লেফট্যানেন্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জুম মিটিংয়ের মাধ্যমে সকল বিভাগের ফায়ার সার্ভিস কর্মকর্তা ও এ্যারাব প্রতিনিধিদের সাথে রেডিও যোগাযোগ স্থাপন করে মহড়ার মূল্যায়ন করেন এবং কার্যক্রমের সফল সমাপ্তি ঘোষণা করেন।

