ডার্ক মোড
Friday, 21 August 2026
ePaper   
Logo
সোয়ারীঘাটে ১৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

সোয়ারীঘাটে ১৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার

বুড়িগঙ্গা নদী সংলগ্ন সোয়ারীঘাট এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ২৮.৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার বিকেলে এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে সোয়ারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি আভিযানিক দল। অভিযানকালে তিনটি সন্দেহভাজন হাতগাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ১,৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময়ে চোরাচালান করা মালামালের প্রকৃত মালিক বা জড়িতদের কাউকে খুঁজে না পাওয়ায় কোনো গ্রেপ্তার সম্ভব হয়নি।

পরিবেশ সুরক্ষাসংক্রান্ত বিধিমালা অনুযায়ী জব্দকৃত পলিথিন বিনষ্টকরণ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের অবৈধ উৎপাদন, পরিবহন ও ব্যবহার রোধে কোস্ট গার্ডের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন