ডার্ক মোড
Thursday, 20 August 2026
ePaper   
Logo
টেকনাফে ২৫ হাজার ইয়াবাসহ ৪ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

টেকনাফে ২৫ হাজার ইয়াবাসহ ৪ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫,০০০ পিস ইয়াবাসহ চারজন সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে টেকনাফ থানার আওতাধীন নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে শাহপরীর দ্বীপ আউটপোস্টের একটি আভিযানিক দল। অভিযানকালে মিয়ানমার থেকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করা একটি সন্দেহভাজন কাঠের বোট থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় আনুমানিক ১ কোটি টাকা মূল্যের ২০,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ বোটটি জব্দ করা হয় এবং তিন পাচারকারীকে আটক করা হয়।

এর আগে একই দিন সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে অপর এক অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের শীলবুনিয়া পাড়া এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল। সেখান থেকে আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের ৫,০০০ পিস ইয়াবাসহ আরও এক মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য, বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদকের অবৈধ বিস্তার রোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন