নৌ নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের সমঝোতা স্মারক স্বাক্ষর
স্টাফ রিপোর্টার
দেশের জলসীমায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা জোরদার, সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং অনুসন্ধান ও উদ্ধার (সার্চ অ্যান্ড রেসকিউ) অভিযান আরও গতিশীল করতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত কোস্ট গার্ড সদর দপ্তরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় সংস্থার প্রধানগণ উল্লেখ করেন যে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সামুদ্রিক নৌ পরিবহন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের বিস্তৃত উপকূলরেখা, কৌশলগত সমুদ্রপথ, ব্যস্ত সমুদ্রবন্দর ও অভ্যন্তরীণ নৌপথের কথা বিবেচনায় রেখে নৌ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে কার্যকর প্রশাসনিক ও কৌশলগত সমন্বয় অপরিহার্য।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সামুদ্রিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 'বাংলাদেশ কোস্ট গার্ড' এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন 'নৌপরিবহন অধিদপ্তর'-এর মধ্যে একটি আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক সমন্বয় কাঠামো গড়ে উঠল। ভিন্ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হলেও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা, সামুদ্রিক পরিবেশ দূষণ প্রতিরোধ এবং জরুরি দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে সংস্থা দুটি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাবে।
চুক্তির আওতায় উভয় সংস্থা প্রশাসনিক ও মাঠ পর্যায়ে নিজ নিজ দায়িত্ব সুনির্দিষ্টকরণের পাশাপাশি তাৎক্ষণিক কারিগরি ও অপারেশনাল তথ্য আদান-প্রদান নিশ্চিত করবে। এছাড়া সোলাস (SOLAS), মারপোল (MARPOL), আইএসপিএস কোড (ISPS Code) এবং সার (SAR) কনভেনশনসহ আন্তর্জাতিক সামুদ্রিক চুক্তি বাস্তবায়নে যৌথ উদ্যোগ নেওয়া হবে। সামুদ্রিক দূষণ রোধ, পরিবেশগত সংবেদনশীল এলাকা সংরক্ষণ, সমুদ্রে জীবন ও সম্পদ রক্ষায় যৌথ সক্ষমতা বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণ মহড়া আয়োজন এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) অডিটের প্রয়োজনীয় নথি সংরক্ষণে উভয় সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

