শিশুওবান্ধব অবকাঠামো নির্মাণ ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ
চট্টগ্রাম ব্যুরো
প্রথাগত পাঠ্যপুস্তককেন্দ্রিক শিক্ষা থেকে বেরিয়ে শিশুবান্ধব অবকাঠামো ও খেলাধুলার মাধ্যমে শেখার পরিবেশ তৈরিতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মঙ্গলবার চট্টগ্রামে পিটিআই অডিটোরিয়ামে "সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রোগ্রাম" বিষয়ক প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন কর্মশালা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, শিশুদের সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষামূলক খেলনা, উপকরণ এবং শিশুবান্ধব পরিবেশ তৈরিতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে চলমান পদক্ষেপগুলো তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের প্রথম ১৮০ দিনের নির্দিষ্ট লক্ষ্যমাত্রার অধিকাংশ সফলভাবে পূরণ করেছে, যার অনেক ক্ষেত্রে প্রাথমিক লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।
তিনি আরও যোগ করেন, "প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার কোনো প্রচেষ্টাই বাকি রাখছে না।"
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, স্কুল ফিডিং প্রোগ্রামের প্রকল্প পরিচালক, স্থানীয় শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন উপজেলার প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

