কোস্ট গার্ডের চোরাচালানবিরোধী অভিযান: কুতুবদিয়ায় মিয়ানমারগামী সিমেন্ট ও সার জব্দ
স্টাফ রিপোর্টার
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে এক বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ আগস্ট দুপুর আনুমানিক ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়ার একটি বিশেষ আভিযানিক দল দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় চলাচলরত একটি সন্দেহভাজন ফিশিং বোটকে থামিয়ে তল্লাশি চালান কর্মকর্তারা।
তল্লাশিতে বোটটি থেকে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ২৫০ বস্তা সিমেন্ট এবং ৬০ বস্তা সার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১,৯৭,৫০০ টাকা। একই সাথে পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল এবং ফিশিং বোটটি কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সামুদ্রিক সীমান্ত দিয়ে অবৈধ পাচার রোধে কোস্ট গার্ডের কঠোর নজরদারি এবং চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়।

