জলবায়ুর প্রভাব থেকে শিশু সুরক্ষায় পরিবেশমন্ত্রী মিন্টু ও ইউনিসেফ প্রতিনিধির বৈঠক
স্টাফ রিপোর্টার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসোপ। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা দেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিসহ অপরিহার্য সামাজিক সেবাগুলোকে জলবায়ু-সহনশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, শিশু ও তরুণরাই জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ার কারিগর। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় সরকার জলবায়ু সংক্রান্ত সব কর্মপরিকল্পনায় নতুন প্রজন্মকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
সীসাসমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সম্প্রতি মন্ত্রিসভায় ‘জাতীয় কৌশল ও বহুবর্ষী কর্মপরিকল্পনা (২০২৬-২০৩৫)’ অনুমোদিত হওয়ায় মন্ত্রীকে ধন্যবাদ জানান ইউনিসেফের জিলিয়ান মেলসোপ। একই সাথে তিনি এই পরিকল্পনা বাস্তবায়নে ইউনিসেফের পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দেন। জবাবে পরিবেশমন্ত্রী জানান, শিশুদের সীসা বিষক্রিয়া ও অন্যান্য দূষণ থেকে রক্ষা করতে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও জোরদার করা হবে।
জলবায়ু সংকটে কোনো ভূমিকা না থাকা সত্ত্বেও শিশুরাই এর সবচেয়ে বড় শিকার উল্লেখ করে বৈঠকে ইউনিসেফের সাম্প্রতিক তথ্যাবলী উদ্ধৃত করা হয়। যেখানে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় ৫ কোটি ৮৮ লাখ শিশু নানা ধরনের জলবায়ু ঝুঁকিতে রয়েছে এবং প্রতি ১০ জনের মধ্যে ৯ জন শিশু একই সাথে তিন বা ততধিক দুর্যোগের ঝুঁকিতে পড়ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ জেলাগুলো চিহ্নিতকরণ ও অভিযোজন বিনিয়োগ নিশ্চিতে পরিবেশ মন্ত্রণালয় এবং ইউনিসেফ যৌথভাবে জেলাভিত্তিক 'চিলড্রেনস ক্লাইমেট রিস্ক ইনডেক্স' (CCRI) এবং 'ক্লাইমেট ল্যান্ডস্কেপ অ্যানালাইসিস ফর চিলড্রেন' (CLAC) রিপোর্ট তৈরি করবে। এছাড়া বাংলাদেশের 'ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস' (NDC 3.0) বাস্তবায়ন পরিকল্পনায় তরুণদের অন্তর্ভুক্ত করা, সরকারি স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে রুফটপ সোলার প্যানেল স্থাপন এবং জলবায়ু-সহনশীল স্কুল মডেল তৈরিতে সরকারেক সহায়তা করছে ইউনিসেফ।
বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. সাইদুর রহমানসহ পরিবেশ মন্ত্রণালয় ও ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

