টেকনাফে পৃথক অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক: কোস্ট গার্ড
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুটি পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ২ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল টেকনাফ থানার আওতাধীন নাইট্যংপাড়া সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং পাচারে ব্যবহৃত যানবাহনটি জব্দ করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
অন্য এক অভিযানে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল কেরুনতলী এলাকায় অভিযান চালায়।
সেখানে একটি সন্দেহভাজন ব্যাটারিচালিত ভ্যান তল্লাশি করে ভেতরে কৌশলে লুকিয়ে রাখা আনুমানিক ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের আরও ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই অভিযানে আরও এক মাদক কারবারিকে আটক এবং ভ্যানটি জব্দ করা হয়।

