গভীর সমুদ্রে বিকল ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড
স্টাফ রিপোর্টার
গভীর সমুদ্রে বিকল হয়ে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিশাল উপকূলীয় ও নদীপথের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমুদ্রে মাছ ধরতে থাকা জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সংস্থাটি উপকূলীয় জনগোষ্ঠীর মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে উঠেছে।
ঘটনাবলি থেকে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে ১৮ জন জেলেসহ 'এফবি নিশান-২' নামের একটি মাছ ধরার ট্রলার সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ইঞ্জিনের ত্রুটি দেখা দেয় এবং বিকল হয়ে ভাসতে থাকে।
পরে দুপুর ১টার দিকে ট্রলারে থাকা এক জেলে ট্রলারের মালিককে জানান। বিষয়টি জানতে পেরে মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাহায্য চান এবং কোস্ট গার্ডকে অবহিত করেন।
তথ্য পাওয়ার পর কোস্ট গার্ডের দায়িত্বরত জাহাজ 'শ্যামল বাংলা' অবিলম্বে উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে এবং বিকল ট্রলারসহ ১৮ জন জেলেকে জীবিত ও নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয় এবং পরবর্তীতে তাদেরকে ট্রলারের মালিকের নিকট হস্তান্তর করা হয়।

