টেকনাফে পৃথক অভিযানে ১ কোটি ৮০ লাখ টাকার ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ: কোস্ট গার্ড
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুটি পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল টেকনাফ থানার আওতাধীন মিঠাপানিরছড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে এলাকাটি থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, বুধবার ভোরে আনুমানিক ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি যৌথ দল জাদিমোরা ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি আবাসিক ঘরে অভিযান চালায়। সেখান থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কোটি টাকা মূল্যের আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হওয়ায় এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

