ডার্ক মোড
Friday, 07 August 2026
ePaper   
Logo
গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ:  তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাসুদ রানা,বরিশাল অফিস
গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচানা সভা ও জুলাই শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়েছে। সমগ্র বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা স্মরণ করা হয়। আমরা চাই, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে জাগ্রত থাকবে। কারণ, হাজার মানুষের আত্মত্যাগ, সংগ্রাম ও প্রত্যাশার মধ্যদিয়ে অর্জিত এই চেতনাকে কোনো অপশক্তি যেন ভুল পথে পরিচালিত করতে না পারে। সে জন্য আমাদের সবাইকে সচেতন, ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকারকে দীর্ঘদিন একটি গোষ্ঠী ও একটি পরিবার কুক্ষিগত করে রাখতে চেয়েছিল। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিলো। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছিলো। কিন্তু এ দেশের তরুণ প্রজন্ম, ছাত্রসমাজ, কৃষক, শ্রমিক, পেশাজীবী এবং সর্বস্তরের সাধারণ মানুষ সেই পরিস্থিতি মেনে নেয়নি। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হয়েছে।

মন্ত্রী বলেন, ক্ষমতায় থাকাকালীন শাসকগোষ্ঠী নানা ধরনের লোভ-লালসা, পদ-পদবির প্রলোভন এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মানুষকে বিভক্ত করার চেষ্টা করেছিল। অনেককে বলা হয়েছিল, ‘আমাদের সঙ্গে আসুন, আপনাকে মন্ত্রী বানানো হবে।’ কিন্তু দেশের সচেতন মানুষ সেই প্রলোভনে পা দেয়নি। তারা ব্যক্তিস্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অটল থেকেছে।

তিনি আরও বলেন, আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে, এটি কেবল কয়েকজন সাহসী তরুণের আন্দোলন ছিল না। এটি ছিল সমগ্র বাংলাদেশের মানুষের সম্মিলিত প্রতিরোধ, দীর্ঘদিনের বঞ্চনা, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ ক্ষোভের বহিঃপ্রকাশ। এই আন্দোলনের শক্তি ছিল জনগণের ঐক্য, সাহস এবং গণতন্ত্রের প্রতি অটল বিশ্বাস।

অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এর সভাপতিত্বে অ্যাডিশনাল ডিআইজি ড. মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, বরিশালের প্রবীণ রাজনৈতিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ জুলাইযোদ্ধা শহিদ পরিবারের সদস্যরা বক্তৃতা করেন। এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে শহিদ জুলাই যোদ্ধাদের নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০:০০ টায় বরিশালের আমতলার মোড় ‘শহিদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিফলকে’ পুষ্পস্তবক অর্পণ করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন