বালিয়াডাঙ্গীতে প্রশিক্ষণ শেষে ৫০ নারীর হাতে সেলাই মেশিন
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তিন মাসের সেলাই প্রশিক্ষণ শেষে ৫০ জন অসহায় ও বেকার নারীর মাঝে সেলাই মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে আলী ফিলিং স্টেশন সংলগ্ন দাওয়াহ প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এবং গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে আয়োজিত এ কার্যক্রমের আওতায় প্রশিক্ষণ নেওয়া নারীদের সেলাই মেশিনের পাশাপাশি প্রয়োজনীয় কাপড়, সুতা, টেবিল, টুলসহ বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়।
অনুষ্ঠানে আলহাজ্ব বাবর আলীর সভাপতিত্বে এবং ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির ইমপ্লিমেন্টর মুফতি শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অঞ্জন কুমার দাস বলেন, নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি ও গ্লোবাল রিলিফ ট্রাস্টের এমন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নারীরা নিজেদের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থারও উন্নতি করতে পারবেন।
এ সময় তিনি প্রশিক্ষণ নেওয়া মায়েদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর পাশাপাশি মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এন এন নুরুল ইসলাম, ব্যবসায়ী ফইজুল ইসলাম, সাংবাদিক হাসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

