গণশুনানির টেবিলেই চিকিৎসা, বরগুনা জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসা
অলিউল্লাহ্ ইমরান, বরগুনা
জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে বরগুনা জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানিতে যুক্ত হয়েছে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। অভিযোগ ও বিভিন্ন সমস্যার পাশাপাশি চিকিৎসা সহায়তা চাইতে আসা অসহায় মানুষের জন্য গণশুনানির স্থানেই বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তাৎক্ষণিক চিকিৎসা ও পরামর্শের ব্যবস্থা করা হচ্ছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে এ সেবা দেওয়া হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের উদ্যোগে গণশুনানির টেবিলেই চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পেয়ে সেবাপ্রত্যাশীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।
জানা যায়, সাধারণত গণশুনানিতে নাগরিকদের অভিযোগ ও আবেদন গ্রহণের পর তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হয়। তবে স্বাস্থ্যসেবা প্রত্যাশী অসহায় ও দরিদ্র মানুষের ভোগান্তি কমাতে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানির স্থানেই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
গণশুনানিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভূমি, পারিবারিক ও সামাজিক সমস্যা, প্রশাসনিক সহায়তা এবং স্বাস্থ্যসেবাসহ নানা বিষয়ে অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক তাসলিমা আক্তার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
একই সঙ্গে চিকিৎসাসেবা প্রত্যাশীদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ায় সেবাপ্রার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার বলেন, নাগরিকদের ভোগান্তি কমানো এবং সেবার মান উন্নত করাই আমাদের লক্ষ্য। জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি সংযোগ তৈরিতে গণশুনানি অত্যন্ত কার্যকর। প্রান্তিক মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

