টেক্সাসে ইসলামবিরোধী রাজনৈতিক পদক্ষেপ ; মুসলিম সম্প্রদায়ের ক্রমবর্ধমান আতঙ্ক
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মুসলিমবিরোধী রাজনৈতিক বক্তব্য, সরকারি তদন্ত ও স্থানীয় পর্যায়ে বৈরিতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ডালাস-ফোর্ট ওয়ার্থ অঞ্চলে মুসলিম জনসংখ্যা ও মসজিদের সংখ্যা দ্রুত বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থানীয় রাজনৈতিক বিরোধিতা তীব্র আকার ধারণ করেছে।
আরভিংয়ের ভ্যালি র্যাঞ্চ ইসলামিক সেন্টারের মুসল্লি ঘুলাম কেহার জানিয়েছেন, অঙ্গরাজ্য পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক নেতাদের মুসলিমবিরোধী বক্তব্যের নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে।
বর্তমানে প্রকাশ্যে নামাজ আদায় কিংবা পার্কে অবাসস্থানের সময় মুসলিমদের কটূক্তি ও মৌখিক হেনস্থার শিকার হওয়ার ঘটনা বহুগুণ বেড়েছে।
২০২৫ সালে ডালাসের পূর্বাঞ্চলে একটি নতুন মসজিদকে কেন্দ্র করে 'এপিক সিটি' নামে একটি পরিকল্পিত আবাসন প্রকল্পের কথা ঘোষণা করা হয়। এর পর থেকেই কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এবং অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন মুসলিম প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একাধিক তদন্ত শুরু করেন এবং প্রকল্পটি বন্ধের উদ্যোগ নেন।
প্রশাসনিক আদেশে গভর্নর অ্যাবট শীর্ষস্থানীয় মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেন।
অঙ্গরাজ্যে শরিয়াহভিত্তিক ধর্মীয় পরামর্শ এবং বিবাহবিচ্ছেদ সংক্রান্ত প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নতুন আইন প্রণয়নের প্রস্তাব আনা হয়েছে। রিপাবলিকান আইনপ্রণেতা অ্যালান স্কুলক্রাফট মন্তব্য করেন যে, ইসলাম কেবল একটি ধর্ম নয়, এর পরিধি আরও বিস্তৃত।
পরিসংখ্যান ও জনসংখ্যাতাত্ত্বিক চিত্র
টেক্সাসে বর্তমানে আনুমানিক ৩ লাখ থেকে ৫ লাখ মুসলিম বসবাস করছেন। গত দুই দশকে ডালাস-ফোর্ট ওয়ার্থ অঞ্চলে মসজিদের সংখ্যা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়ে ৭৬টিতে পৌঁছেছে। দ্রুত বর্ধনশীল এই জনগোষ্ঠীর ধর্মীয় চর্চা ও সামাজিক উপস্থিতিই মূলত স্থানীয় রক্ষণশীল রাজনীতির অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
মুসলিম নেতা ও আইনজীবীরা অভিযোগ করেছেন, ইসলামকে রাজনৈতিক মতাদর্শ হিসেবে আখ্যা দিয়ে ধর্মীয় স্বাধীনতা সংকুচিত করার এই চেষ্টা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর পরিপন্থী।

