ডার্ক মোড
Thursday, 20 August 2026
ePaper   
Logo
রিকশার হ্যান্ডেলে এক অদম্য নারীর সংগ্রাম: সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন বরিশাল সদরের ইউএনও

রিকশার হ্যান্ডেলে এক অদম্য নারীর সংগ্রাম: সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন বরিশাল সদরের ইউএনও

মাসুদ রানা, বরিশাল অফিস
তিনটি পিতৃহীন কন্যা সন্তানকে আগলে রাখতে রিকশার হ্যান্ডেল চেপে ধরেছেন হেলেনা বেগম। ভিক্ষা কিংবা অন্যের অনুকম্পা নয়, রোদ-বৃষ্টি উপেক্ষা করে সৎ পরিশ্রমে সংসারের চাকা সচল রেখেছেন এই অদম্য নারী। তাঁর এই সংগ্রাম ও কষ্টের খবর পৌঁছায় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার কাছে। খবর পেয়েই অসহায় হেলেনার পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) হেলেনা বেগমকে নিজ কার্যালয়ে ডেকে নেন ইউএনও ফরিদা সুলতানা। বর্ষা ও প্রতিকূল আবহাওয়ায় রিকশা চালাতে যাতে সুবিধা হয়, সেজন্য তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি রেইনকোট। এর পাশাপাশি জরুরি যোগাযোগ ও দৈনন্দিন সহায়তার জন্য একটি বাটন মোবাইল ফোন এবং কিছু উন্নতমানের শুকনো খাবার উপহার দেওয়া হয়।

সংশ্লিষ্টদের মতে, চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করা হেলেনার জন্য এই রেইনকোটটি কেবল উপহার নয়, বরং প্রতিকূল আবহাওয়ায় জীবিকা নির্বাহের একটি বড় সুরক্ষা। মোবাইল ফোন ও খাদ্যসামগ্রীও তাঁর পরিবারে এনে দেবে তাৎক্ষণিক স্বস্তি।

প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন স্পর্শকাতর ও মানবিক পদক্ষেপে মুগ্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, ফরিদা সুলতানার এই উদ্যোগ সমাজে বিত্তবান ও দায়িত্বশীলদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। প্রান্তিক মানুষের কঠিন জীবনসংগ্রাম সহজ করতে প্রশাসন ও সমাজের সচ্ছল শ্রেণির এমন অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা নগরবাসীর।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন