ঝালকাঠির নতুন পুলিশ সুপার মেরিন সুলতানা
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মেরিন সুলতানা। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঝালকাঠি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
নবাগত পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলামের কাছ থেকে জেলার দায়িত্বভার বুঝে নেন।
দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার মেরিন সুলতানা জেলার বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং অন্যান্য ইউনিটের ইনচার্জদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব ও কার্যকর করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার মেরিন সুলতানা ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন।
ঝালকাঠিতে যোগদানের আগে তিনি পুলিশ সুপার হিসেবে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ), ঢাকায় কর্মরত ছিলেন।

