নালিতাবাড়ীতে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৫
খোরশেদ আলম, শেরপুর
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার কাপাসিয়া এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কে মিছিল বের করে আওয়ামী লীগ। এসময় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— যোগানিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মিজান মিয়া, যোগানিয়া ভাটি গাংপাড় গ্রামের জাবেদ আলীর ছেলে রুহুল আমিন, বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদুল ইসলাম, উজান গাংপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল কাদির এবং গোবিন্দনগর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আতাউর রহমান সুমন।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া পাঁচজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা অন্যরা পালিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, " আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"

