বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো:রাকেল ইসলাম,বগুড়া
শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী এসব কর্মসূচির সূচনা করা হয়।
সকালে শহরের নবাববাড়ী সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ স্থানীয় নেতৃবৃন্দ। পতাকা উত্তোলন শেষে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সামাজিক কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় বগুড়া সদর উপজেলার শাখারিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। পরে সকাল ১১টায় শাখারিয়া ডাঙা এলাকার একটি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।
দুপুরে বাদ জোহর বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান ও জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা ছাত্রদলের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ ছাড়া শহীদ খোকন পার্ক থেকে মহানগর বিএনপি এবং মাটিডালি বিমানবন্দর মোড়ে বগুড়া সদর উপজেলা বিএনপি পৃথক শোভাযাত্রা ও সমাবেশ বের করে। পাশাপাশি জেলার প্রতিটি উপজেলাতেও দিনব্যাপী আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

