‘হোটেল দ্য কক্স টুডে’ সুইট ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত
বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম
কক্সবাজারের তারকা মানের হোটেল ‘হোটেল দ্য কক্স টুডে’-এর সুইট ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) ঢাকার ধানমন্ডিস্থ ‘বাফে ম্যানিয়া’ রেস্তোরাঁয় এ সভা আয়োজিত হয়। এতে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক সুইট মালিক ও সংগঠনের সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল আলম দিপু।
মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সুশীল কুমার দত্ত, অর্থ সম্পাদক (সিআইপি) রেজাউল আজিম এবং চট্টগ্রাম লিয়াজোঁ কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
দীর্ঘ তিন বছর পর আয়োজিত এই ইজিএম ঘিরে উপস্থিত সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা সুইট মালিকদের পারস্পরিক স্বার্থ ও সার্বিক পরিচালন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দীর্ঘদিন পর সবাই এক ছাদের নিচে একত্রিত হয়ে সরাসরি নিজস্ব মতামত ও প্রয়োজনীয় প্রস্তাব তুলে ধরতে পেরে সন্তোষ প্রকাশ করেন সুইট মালিকরা। তবে কয়েকজন বক্তা এ সভা আরও আগেই আয়োজন করা উচিত ছিল বলে অভিমত দেন।
সভায় অংশগ্রহণকারী সদস্যদের গুরুত্বপূর্ণ বক্তব্য ও প্রস্তাবনাসমূহ ইজিএমের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়। একই সাথে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে সর্বসম্মতিক্রমে অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরুর আগে অংশগ্রহণকারী সদস্যরা বুফে নৈশভোজে অংশ নেন এবং পরস্পরের সাথে কুশল বিনিময় করেন।

