হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস ; দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
ওয়াশিংটন ডিসির বিখ্যাত জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (১৫ই অক্টোবর) আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন স্বয়ং ড. ইউনূসের হাতে এই সম্মানজনক পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশ্বজুড়ে বিশেষ অবদানের জন্য মোট চারজনকে পুরস্কৃত করা হয়।
ড. ইউনূস ছাড়াও এ বছর পুরস্কৃত হয়েছেন ভারতের ‘সেলফ-এমপ্লয়েড উইমেনস অ্যাসোসিয়েশন’ (SEWA)-এর পরিচালক রিমা নানাবতী এবং ফ্যাশন ডিজাইনার ও ‘টোরি বার্চ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা টোরি বার্চ। এ ছাড়া জর্ডানের ‘মাইক্রোফান্ড ফর উইমেন’-এর বোর্ড চেয়ার মুনা সুখতিয়ানকে বিশেষ ‘জর্জি টাউন অ্যাম্বাসেডরস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী গ্যাসটন হলরুমে প্রায় ২৫টি দেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট উদ্যোক্তা, শিক্ষক ও গবেষকসহ অন্তত ৪০০ অতিথি উপস্থিত ছিলেন। ড. ইউনূসের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই পুরো হলরুমের অতিথিরা দাঁড়িয়ে দীর্ঘক্ষণ করতালির মাধ্যমে তাঁকে সম্মান ও শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে হিলারি ক্লিনটন বলেন, ‘আমি নিজে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সরাসরি দেখেছি। নারীরা কীভাবে স্বাবলম্বী হয়েছেন এবং নিজেদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করেছেন, তা সত্যিই অভূতপূর্ব। শুধু বাংলাদেশের নারীরাই নন, ড. ইউনূস তাঁর এই মহৎ উদ্যোগের আলো পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন।’
পুরস্কার গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূস তাঁর ৫০ বছরের দীর্ঘ পথচলা, সামাজিক ব্যবসা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। বক্তব্যের চুম্বক অংশ নিচে তুলে ধরা হলো:
"এখানে আবার আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজ আমাদের কাজের ৫০ বছরের স্বীকৃতি দেওয়া হচ্ছে। ৫০ বছর আগের পৃথিবী আর আজকের পৃথিবীর মধ্যে অনেক পরিবর্তন এসেছে—ভালো ও খারাপ উভয়ই। তবে এই দীর্ঘ সময়ে আমরা একটি বিষয়ের ওপর সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছি—তা হলো দারিদ্র্য দূরীকরণ। ক্ষুদ্রঋণের মাধ্যমে একদম প্রান্তিক মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছি।
বিশেষ করে আমরা নারীদের ওপর জোর দিয়েছি, যাতে তাঁরা নিজেদের শক্তি কাজে লাগিয়ে পরিবার ও জীবনের পরিবর্তন আনতে পারেন। আজকে সেই নারীরা বদলে গেছেন; তাঁরা এখন সাহসী, স্বাবলম্বী ও দৃঢ় মনোবলের অধিকারী। তাঁরা নিজেদের ব্যাংক নিজেরা পরিচালনা করছেন, কারণ গ্রামীণ ব্যাংকের মালিক তাঁরা নিজেরাই।
এই যাত্রায় নতুন একটি দিক যুক্ত হয়েছে—নতুন উদ্যোক্তা তৈরি। ঋণগ্রহীতাদের সন্তানরা যখন বড় হয়ে চাকরির পেছনে ছুটছিল, আমরা তাঁদের একটি কথাই বারবার বলেছি: ‘আমরা চাকরিপ্রার্থী নই, আমরা চাকরিদাতা।’ নিজের ব্যবসা গড়ে তোলার এই ধারণা থেকেই মূলত সামাজিক ব্যবসার প্রসার।
সামাজিক ব্যবসা হলো সমস্যা সমাধানের ব্যবসা, ব্যক্তিস্বার্থ বা ব্যক্তিগত মুনাফার জন্য নয়। বর্তমানে স্বাস্থ্যসেবায় আমরা অনেকগুলো সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, যার মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ সাশ্রয়ী খরচে চিকিৎসা পাচ্ছেন। এই সামাজিক ব্যবসার মাধ্যমে ইতিমধ্যে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল গড়ে উঠেছে এবং অর্জিত উদ্বৃত্ত অর্থ পুনরায় চিকিৎসাসেবার প্রসারে বিনিয়োগ করা হচ্ছে।
আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা কিছুটা ভুলভাবে সাজানো, কারণ এটি তরুণদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে গড়ে তোলে। শিক্ষার আসল উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে সৃজনশীল ও উদ্যোক্তা করে তোলা। এই চিন্তা থেকেই আমরা ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ গড়ে তুলছি, যা ‘তিন শূন্যের পৃথিবী’ (Zero Poverty, Zero Unemployment, Zero Net Carbon Emission) গড়ার লক্ষ্যে নেতৃত্ব দেবে।
আমরা শিক্ষার্থীদের বলতে চাই—শুধুমাত্র একটি সার্টিফিকেট বা কাগজের টুকরোর পেছনে না ছুটে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠুন। বিশ্ববিদ্যালয়টি তাঁদের অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি ব্যবসা শুরু করার জন্য অর্থায়ন ও প্রয়োজনীয় সব সহায়তা দেবে। আশা করছি, চলতি বছরের শেষ নাগাদ আমরা গ্রামীণ বিশ্ববিদ্যালয় চালু করতে পারব, যা শিক্ষাক্ষেত্রে একটি নতুন সূচনার জন্ম দেবে। ধন্যবাদ।"
অনুষ্ঠান শেষে অতিথিরা ড. ইউনূসের দীর্ঘায়ু এবং তাঁর সামাজিক ব্যবসার ধারণার আন্তর্জাতিক প্রসারের সাফল্য কামনা করেন।

