ঠাকুরগাঁওয়ে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি, নেতৃত্বে নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস
জানে আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সড়ক, সেতু, খাল পুনঃখনন, হাট-বাজার উন্নয়ন, সামাজিক অবকাঠামো নির্মাণ এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও নতুন প্রকল্প প্রস্তাবের মাধ্যমে জেলার উন্নয়নে নতুন মাত্রা যোগ হয়েছে।
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস-এর নেতৃত্বে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে শত শত কিলোমিটার সড়ক উন্নয়নের প্রস্তাব, গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ, গ্রামীণ বাজার আধুনিকীকরণ, খাল পুনঃখনন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়ন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির কাজ বাস্তবায়নাধীন রয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার ছোট সিঙ্গিয়া–গোয়ালপাড়ী খালের পুনঃখননসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চলমান রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সহযোগিতা, দিকনির্দেশনা ও উন্নয়নবান্ধব উদ্যোগে ঠাকুরগাঁওয়ের জন্য উল্লেখযোগ্য সংখ্যক প্রকল্প ও বরাদ্দ নিশ্চিত হয়েছে। সেই প্রকল্পগুলো বাস্তবায়নে জেলা এলজিইডি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস বলেন, "ঠাকুরগাঁও স্থানীয় সরকার মন্ত্রীর নিজ জেলা হওয়ায় এখানে প্রতিটি উন্নয়ন কাজ সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে টেকসই উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।"
তিনি আরও বলেন, "উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে না জেনে বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হয়। বাস্তবতা যাচাই না করে এ ধরনের প্রচারণা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। আমরা সব সময় নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করছি।"
মামুন বিশ্বাস বলেন, "ঠাকুরগাঁও জেলার উন্নয়নই আমার অঙ্গীকার। যতদিন দায়িত্বে থাকব, ততদিন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জেলার মানুষের কল্যাণে জীবনের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব।"
ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকৌশলী মাবুদ হোসেন বলেন, "জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জনাব মামুন বিশ্বাস স্যার একজন অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী প্রকৌশলী। তাঁর দিকনির্দেশনা, নিয়মিত তদারকি এবং সময়োপযোগী সিদ্ধান্তের কারণে জেলার উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ে ও মানসম্মতভাবে বাস্তবায়নের পরিবেশ তৈরি হয়েছে। আমরা তাঁর নেতৃত্বে সড়ক, সেতু, কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।"
বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, "নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস স্যারের নেতৃত্ব আমাদের জন্য অনুপ্রেরণার। তিনি প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তাঁর পরামর্শ ও সার্বক্ষণিক দিকনির্দেশনায় আমরা মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করছি। জেলার সার্বিক উন্নয়নে তাঁর আন্তরিকতা, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীল নেতৃত্ব আমাদের উৎসাহিত করে।"
জেলা এলজিইডির চলমান উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে শত শত কিলোমিটার সড়ক উন্নয়ন, গুরুত্বপূর্ণ সেতু ও কালভার্ট নির্মাণ, সীমান্ত সড়ক শক্তিশালীকরণ, লাস্ট মাইল কানেক্টিভিটি, গ্রামীণ বাজার উন্নয়ন, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন, খাল পুনঃখনন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসব প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে ঠাকুরগাঁও জেলার যোগাযোগ ব্যবস্থা, কৃষি, অর্থনীতি ও জনসেবায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে এবং জেলার উন্নয়ন নতুন উচ্চতায় পৌঁছাবে।

