ডার্ক মোড
Tuesday, 08 September 2026
ePaper   
Logo
কেরানীগঞ্জ ও সোয়ারীঘাটে কোস্ট গার্ডের অভিযান: ২.০৮ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য ও নিষিদ্ধ পলিথিন জব্দ

কেরানীগঞ্জ ও সোয়ারীঘাটে কোস্ট গার্ডের অভিযান: ২.০৮ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য ও নিষিদ্ধ পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার

রাজধানীর কেরানীগঞ্জ ও চকবাজারের সোয়ারীঘাট এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে আনুমানিক ২ কোটি ৮ লাখ টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য, নিষিদ্ধ পলিথিন এবং পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা ও কম্পোজিট স্টেশন পদ্মার একটি যৌথ দল কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। এ সময় কাভার্ড ভ্যানটি থেকে আনুমানিক ৯৬.৪৫ লাখ টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে পণ্যের প্রকৃত মালিককে না পাওয়ায় মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা চকবাজার থানার সোয়ারীঘাট সংলগ্ন এলাকায় দুটি অবৈধ পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করে। সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ১.১২ কোটি টাকা মূল্যের ২,৬৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৪,৮৬৫ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। অভিযানের খবর টের পেয়ে কারখানার মালিকরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।

মিডিয়া কর্মকর্তা জানান, জব্দকৃত পলিথিন ও কাঁচামাল পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দকৃত ভারতীয় চোরাই পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন