এলজিইডিতে ‘ক্রেলিক নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক দুটি কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সদর দপ্তরে সম্প্রতি এলজিইডি-ক্রেলিক (LGED-CReLIC)-এর ‘নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম’ (KMS)-এর সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন (SRS) প্রণয়ন এবং সফটওয়্যার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন বিষয়ক দুটি পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট’ (CRIMP)-এর আওতায় ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার’ (CReLIC/ক্রেলিক) এই সেশনগুলোর আয়োজন করে। এই ডিজিটাল প্ল্যাটফর্মটিকে অত্যন্ত কার্যকর ও টেকসই করে তুলতে অংশীজনদের (স্টেকহোল্ডার) মতামত ও প্রতিক্রিয়া সংগ্রহ করা ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
সেমিনার হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন, একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নির্ভুল তথ্য ও জ্ঞানের পরিকল্পিত ও কৌশলগত ব্যবহার অপরিহার্য।
কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রেলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, সঠিক বিশ্লেষণ এবং সুনির্দিষ্ট নকশাই যেকোনো টেকসই সফটওয়্যার সিস্টেমের ভিত্তি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই যৌথ সেশনগুলোর মাধ্যমে এসআরএস (SRS) এবং সফটওয়্যার ডিজাইন চূড়ান্ত করা হলে একটি শক্তিশালী ও ব্যবহারকারীবান্ধব ডেটাবেজ তৈরি করা সম্ভব হবে, যা এলজিইডির প্রাতিষ্ঠানিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখবে।
অনুষ্ঠানের কারিগরি সেশনে চুক্তিবদ্ধ ডেভলপমেন্ট প্রতিষ্ঠান ‘অ্যাডি সফট লিমিটেড’ (ADDIE Soft Ltd.)-এর বিশেষজ্ঞ পরামর্শকবৃন্দ—যার মধ্যে ছিলেন সফটওয়্যার ডেভলপার মো. শাহনেওয়াজ রাসেল, এজিএম মো. শরিফুল ইসলাম এবং প্রজেক্ট ম্যানেজার মো. নিয়ামত উল্লাহ—আগামী দিনের কেএমএস (KMS) ডেটাবেজের বিস্তারিত কর্মপরিকল্পনা, আর্কিটেকচারাল ডিজাইন এবং স্পেসিফিকেশন ফ্রেমওয়ার্ক উপস্থাপন করেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, কাজী সাইফুল কবির ও মো. ওয়াহিদুজ্জামান, ক্রিম্প-ক্রেলিক (CRIMP-CReLIC)-এর প্রকল্প পরিচালক মো. আবদুল খালেক, এসডিআইআরআইআইপি (SDIRIIP) প্রকল্প পরিচালক মো. লতিফ হোসেন, ক্রেলিকের নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং বিভিন্ন জ্যেষ্ট প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও বিশেষজ্ঞ পরামর্শকগণ উপস্থিত ছিলেন।

