চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের ভুয়া শিক্ষার্থী আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের ভুয়া এক শিক্ষার্থীকে আটক করেছেন নিরাপত্তা প্রহরীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাকে আটক করা হয়। ১৭ বছর বয়সী ওই ছেলের বাবা পেশায় মুদি দোকানি। ক্যাম্পাসের কাছে জেবরার এলাকায় তাদের বাসা।
ওই তরুণ তার দোষ স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বন্ধুদের প্ররোচণায় এ কাজ করেছি। বিশ্ববিদ্যালয়ে ভেতরে বাইক নিয়ে ঢুকার জন্য মূলত আমি আইডি কার্ডটি বানিয়েছিলাম।”
ছেলেটি নিজেকে বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিত।
নিরাপত্তা দপ্তরে সুপারভাইজার মান্নান বলেন, “আমরা বহিরাহতদের ব্যাপারে কঠোর। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মোটরবাইক নিয়ে প্রবেশকালে তাকে দেখলে আমাদের সন্দেহ হয়। তখন জিজ্ঞাসাবাদে সে নিজেকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলে পরিচয় দেয় এবং আইডি কার্ড দেখায়। আইডি কার্ড দেখে আমরা বুঝতে পারি সে আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী না। তখন আমরা তাকে প্রক্টর অফিসে নিয়ে আসি।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সহরাওয়ার্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপত্তা প্রহরীরা তাকে নিয়ে প্রক্টর অফিসে আসলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
“আমরা জানতে পারি সে শুধুমাত্র মোটর সাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্যে সে এই পথ অবলম্বন করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।”
এর আগে গেল বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি মাসেও দুই ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়।

