ডার্ক মোড
Sunday, 26 July 2026
ePaper   
Logo
উত্তরাঞ্চলের উন্নয়নে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ

উত্তরাঞ্চলের উন্নয়নে সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ

 মো:রাকেল ইসলাম,বগুড়া

উত্তরাঞ্চলের পাঁচ জেলা—বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার উন্নয়ন বৈষম্য দূর করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। এ লক্ষ্যে শনিবার বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি।

 

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইতিহাস বিকৃত করার একমাত্র দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা নিজেদের মতো ইতিহাস তৈরি করেছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ঈর্ষান্বিতভাবে উত্তরাঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। বর্তমান সরকার সেই বৈষম্য দূর করে সুষম উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

 

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে আরও বড় বৈষম্য সৃষ্টি করেছে। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

 

বিএনপির প্রসঙ্গে মন্ত্রী বলেন, নানা ধরনের প্রচারণা ও রাজনৈতিক কৌশল সত্ত্বেও জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। তিনি দাবি করেন, জামায়াত মানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে এবং জনগণ বিএনপির ওপরই আস্থা রেখেছে।

 

বিদ্যুৎ খাতের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি জানান, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার কাজ করছে। পাশাপাশি সারা দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলা দীর্ঘদিন অবহেলার শিকার ছিল। বর্তমান সরকার পরিকল্পিতভাবে এ অঞ্চলের উন্নয়নে কাজ করছে এবং পর্যায়ক্রমে সব উন্নয়ন চাহিদা পূরণ করা হবে। তিনি বলেন, দুর্নীতি ও অর্থপাচার বন্ধ রেখে সুষম উন্নয়নের মাধ্যমে দেশের অগ্রগতি নিশ্চিত করতে সরকার কাজ করছে। উত্তরাঞ্চলের উন্নয়নের বিষয়ে সরকারের মুখপাত্র হিসেবে কাজ করার জন্য তিনি প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রতি আহ্বান জানান।

 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায়।

 

বক্তারা বলেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলার কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও মানবসম্পদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই। একই সঙ্গে আঞ্চলিক বৈষম্য দূর করে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

 

বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেস, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আইনুল হক, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একে এম আহসানুল হক তৈয়ব জাকির, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, অধ্যাপক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটা. ডা. মতিউর রহমান ও সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার।

 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন