ডার্ক মোড
Saturday, 25 July 2026
ePaper   
Logo
ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিকদের টেকসই উন্নয়নে কাজ করছে সরকার: এমপি সৈয়দ ফয়সল

ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিকদের টেকসই উন্নয়নে কাজ করছে সরকার: এমপি সৈয়দ ফয়সল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং চা বাগান শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। অবহেলিত এ জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আবাসন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

চা বাগান এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণের পাশাপাশি দরিদ্র, অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, এতিম ও ভূমিহীন পরিবারের মাঝে সরকারি বিভিন্ন সহায়তা সামগ্রী প্রদান করা হয়।

তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানের হাজার হাজার চা শ্রমিক পরিবার এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন এবং নানা মৌলিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। তিনি উপস্থিত সকলকে জানান, চা শ্রমিকদের বাস্তব চিত্র ও তাঁদের দৈনন্দিন নানা সংকট ও চ্যালেঞ্জের বিষয়গুলো সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হয়েছে। সরকারি পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, আবাসন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রার মান বাড়াতে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, সাবেক চেয়ারম্যান আবু সালেহ মোহাম্মদ শফিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি প্রিন্সিপাল ফজলুল হক তরফদার আবিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল আহমেদ চৌধুরী, সদস্য সচিব জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ এবং লস্করপুর ভ্যালি চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন