মিরসরাইয়ে দুর্বার'র উদ্যোগে ৩ হাজার তালের আঁটি রোপণ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে তিন হাজার তালের আঁটি রোপণ করা হয়েছে।
শনিবার ( ১৫ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার'র উদ্যোগে তিনঘরিয়িটোলা–মুরাদপুর সড়কের বিভিন্ন স্থানে এক হাজার দুইশত তালের আটি ও চারা রোপণ করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এর আগে দুর্বারের উদ্যোগে ২০১৫ সালে ইউনিয়ন কৃষি কর্মকর্তা তপন দাসের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়-সংলগ্ন এলাকায় প্রথম একশত তালের আটি রোপণ করা হয়। পরে ২০১৮ সালে মলিয়াইশ স্কুল সড়ক ও বিষুমিয়া সড়কে আট শতাধিক তালের আটি রোপণ করা হয়। ২০২২ সালে মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়নের মিরসরাই–গোভনীয়া সড়ক, বিষুমিয়া সড়ক, তাকিয়া সড়ক এবং পূর্ব মলিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে এক হাজারের বেশি তালের আটি রোপণ করা হয়।
সংগঠনের সভাপতি আবদুল্লাহ ও সম্পাদক আলী হায়দার বলেন, "আজ লাগানো একটি তালের আটি আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ ও সবুজের বিনিয়োগ। প্রতিটি চারা বড় হওয়া পর্যন্ত পরিচর্যা নিশ্চিত করাও আমাদের অঙ্গীকার। পরিবেশ রক্ষায় ধারাবাহিকভাবেই এ কার্যক্রম চলবে।"
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বাহার চৌধুরী নুরিয়া দাখিল মাদরাসার সভাপতি ছালামত উল্যাহ মাস্টার, হাশিমনগর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মোঃ রাশেদুল আলম আরিফসহ আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, এএসআই, হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়, কুমিল্লা রিজন, দুর্বার শুভাকাঙ্খী শাহাদাত হোসেন ও পরিবেশ বন্ধু ইয়াসির আরফাতসহ প্রমুখ।

