ডার্ক মোড
Monday, 17 August 2026
ePaper   
Logo
দুর্ঘটনায় আহত সাংবাদিক তুহিনের পাশে আবু নাছের রহমাতুল্লাহ

দুর্ঘটনায় আহত সাংবাদিক তুহিনের পাশে আবু নাছের রহমাতুল্লাহ

মাসুদ রানা, বরিশাল অফিস
সড়ক দুর্ঘটনায় দুই হাতে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন মোহনা টেলিভিশনের রিপোর্টার এবং দৈনিক বাংলা, বার্তা২৪.কম বরিশাল বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম তুহিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।


গতকাল শুক্রবার দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ গিয়ে সাংবাদিক তুহিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তুহিনের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সাহস জোগান।


জানা গেছে, গত ২১ জুলাই রাতে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে ভাটিখানায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন সাংবাদিক তুহিন। মোটরসাইকেলের সামনে থাকা এক বৃদ্ধাকে রক্ষা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে তার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিটোরে নেওয়া হয়।


হাসপাতালে তুহিনের খোঁজ নেওয়ার পর রহমাতুল্লাহ বলেন, সাংবাদিক তুহিন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য আমরা দোয়া করছি। এই কঠিন সময়ে তার পরিবার ও স্বজনদের পাশে আছি এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।


তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একজন সংবাদকর্মীর এমন দুর্ঘটনা পুরো গণমাধ্যম পরিবারের জন্যই উদ্বেগের বিষয়। মানবিক দায়িত্ববোধ থেকেই তুহিনের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে এসেছেন তিনি।


এদিকে সাংবাদিক তুহিনের পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন