প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ব্যতিক্রমী উদ্যোগ
সিলেট ব্যুরো
প্রাথমিক শিক্ষার গুণগত পরিবর্তন, কার্যকর মনিটরিং এবং জবাবদিহিতা নিশ্চিত করতে নিজেই টানা ছয় ঘণ্টাব্যাপী তিনটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি প্রাথমিক শিক্ষার ভবিষ্যৎ রূপরেখা, প্রশাসনিক সংস্কার এবং শিক্ষার মান উন্নয়নের জন্য নানা কৌশল তুলে ধরেন।
রবিবার সিলেট পিটিআই মিলনায়তনে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক "বাংলাদেশের প্রাথমিক শিক্ষা শ্রেণিকক্ষ কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা এবং স্থানীয় প্রশাসনের পরিবর্তনশীল প্রত্যাশা" শীর্ষক এ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি বিদ্যালয়কে ১০০ ভাগ কার্যকরী শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করাই সরকারের মূল অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষকের ঘাটতি, অবকাঠামোগত সমস্যা কিংবা প্রশিক্ষণের অভাব—কারণ যাই হোক না কেন, দ্রুত সমাধানের লক্ষ্যে মাঠপর্যায়ের বাস্তব চিত্র না লুকিয়ে নির্ভুলভাবে তুলে ধরতে হবে।
শিক্ষার্থীর শেখার অর্জনকে রাষ্ট্রীয় সব বিনিয়োগের মূল কেন্দ্রবিন্দু উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, কেবল ভবন নির্মাণ বা প্রকল্পের বাস্তবায়নের চেয়ে স্কুলে আসা শিশুরা বাস্তবে কতটুকু জ্ঞান অর্জন করছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
প্রশাসনিক ক্ষেত্রে নানা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রতিমন্ত্রী জানান, সরকার শিক্ষা কর্মকর্তাদের পদমর্যাদা, সক্ষমতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। তবে একই সাথে তাঁদের পারফরম্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপরও কঠোর মূল্যায়ন করা হবে। এছাড়া আগামী এক বছরের মধ্যে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরী নিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি।
ডিজিটাল সচেতনতা ও অবকাঠামোগত মান সম্পর্কে ববি হাজ্জাজ সামাজিক ও মূলধারার গণমাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে কর্মকর্তা ও শিক্ষকদের দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেন।
কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবং সিলেট বিভাগের সকল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ইউপিইটিসি ইন্সট্রাক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

