সেন্ট মার্টিনে মিয়ানমারগামী পাচারকারী ট্রলার জব্দ: সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ আটক ১০
স্টাফ রিপোর্টার
কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে এক বিশেষ নৈশ অভিযান চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সার ও প্রয়োজনীয় খাদ্যপণ্যসহ একটি ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারচক্রের সাথে জড়িত এক রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করা হয়।
শনিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত দিয়ে চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টায় কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের একটি চৌকস দল সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহভাজন ট্রলার দেখে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। তবে ট্রলারের নাবিকেরা সংকেত অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ডের টহল দল ধাওয়া করে অবশেষে ট্রলারটিকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে ট্রলারে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৩.৭০ লাখ টাকা মূল্যমানের ২৪০ বস্তা (১২,০০০ কেজি) ইউরিয়া সার, ১৯০ বস্তা (৩,৮০০ কেজি) রসুন এবং ৯০ বস্তা (৪,৫০০ কেজি) পেঁয়াজ জব্দ করা হয়। এ সময় পাচারকাজে জড়িত থাকায় ট্রলারে থাকা ১০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

