ভৈরবে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ !
সোহানুর রহমান সোহান ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের পাঁচ নং ওর্য়াডের জগন্নাথপুর দক্ষিণ পাড়া এলাকায় শিশু ছেলের সাইকেল চালানোকে কেন্দ্র করে রেহানা বেগম নামে ৭০ বছর বয়সী বৃদ্ধাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী জাহাঙ্গীর মিয়া ও তার স্ত্রী রিমা বেগমের বিরুদ্ধে। নিহত রেহানা বেগম ওই এলাকার হাজী ধন মিয়ার বাড়িতে দীর্ঘ দিন যাবৎ ভাড়া থাকতেন । তার স্বামী মৃত সুরত আলী। ব্যাক্তি জীবনে বৃদ্ধা রেহানা বেগমের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর মিয়া ও তার স্ত্রী রিমা বেগম একই এলাকার বসবাস করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে নিহত সত্তরোর্ধ্ব বৃদ্ধা রেহানা বেগম উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এসময় প্রতিবেশী জাহাঙ্গীর মিয়ার পাঁচ বছরের বয়সী ছেলে আলিফ উঠানে সাইকেল চালাচ্ছিল। এসময় সাইকেলের চাকা বারবার বৃদ্ধার পায়ে উঠিয়ে দেয়ার কারনে বৃদ্ধা শিশুটিকে ধমক দেন। ধমক দেওয়ার বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে
বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর মিয়া ও তার স্ত্রী রিমা বেগম বৃদ্ধা রেহানা বেগমকে বাঁশ দিয়ে পিটিয়ে জখম করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক ঢাকা প্রতিদিনকে -কে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লিমন বোস বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

