ফরিদপুরে উল্টো রথযাত্রা উদ্বোধন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ
মাহবুব পিয়াল, ফরিদপুর
ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীধাম শ্রীঅঙ্গনের উদ্যোগে ব্রাহ্মণকান্দাস্থ শ্রীঅঙ্গন প্রাঙ্গণ থেকে সকাল ৮টায় উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। উদ্বোধনের পর তিনি দূর-দূরান্ত থেকে আগত ভক্ত ও পুণ্যার্থীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোয়ালচামট শ্রীঅঙ্গনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে ধর্মীয় আলোচনা সভা, নাম সংকীর্তন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, "ফরিদপুর আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিশ্বভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা। এ ধরনের রাজনৈতিক ও সনাতন ধর্মীয় উৎসব আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।"
অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রীঅঙ্গন পরিচালনা পর্ষদের সদস্য এবং সর্বস্তরের ভক্তরা উপস্থিত ছিলেন।

