সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই ব্যবসায়ী আটক: কোস্ট গার্ড
খুলনা ব্যুরো
সুন্দরবনের নলিয়ান এলাকায় পৃথক শিকারবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৯৯,০০০ টাকা মূল্যের ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই অবৈধ বন্যপ্রাণী কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডাকোপ থানাধীন নলিয়ান বাজার ও জোয়ারের গেট সংলগ্ন এলাকায় শুক্রবার রাত ১১:৩০ থেকে ১২:০০ টার মধ্যে পৃথক দুটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি দল।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
উক্ত অঞ্চলে বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে কোস্ট গার্ডের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

