বিশ্বমঞ্চে সংস্কৃতিই দেশের পরিচয় তুলে ধরে: সংস্কৃতিমন্ত্রী
খুলনা ব্যুরো
সংস্কৃতিই বিশ্বমঞ্চে একটি জাতির নিজস্ব পরিচয় তুলে ধরে উল্লেখ করে আধুনিক যুগে সাংস্কৃতিক কূটনীতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রবিবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে 'নজরুল বর্ষ' উদযাপন উপলক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, সাংস্কৃতিক বিনিময় বিভিন্ন দেশের মধ্যে এমন বন্ধন তৈরি করে, যা প্রায়শই ঐতিহ্যবাহী পররাষ্ট্রনীতি একা অর্জন করতে পারে না।
খুলনাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী নিতাই রায় চৌধুরী আনুষ্ঠানিকভাবে জিরো পয়েন্টকে "নজরুল চত্বর" হিসেবে ঘোষণা করেন।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস. এম. শফিকুল আলম, ওয়াসা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান এবং রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. বিল্লাল হোসেন খান।
এই মতবিনিময় সভায় বিভাগের ১০টি জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জাসাস প্রতিনিধি, নজরুল গবেষক, সাহিত্যপ্রেমী, শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

