ডার্ক মোড
Tuesday, 18 August 2026
ePaper   
Logo
জাতীয় উন্নয়নের মূল ভিত্তি হতে হবে পরমাণু বিজ্ঞান: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব এনাম

জাতীয় উন্নয়নের মূল ভিত্তি হতে হবে পরমাণু বিজ্ঞান: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব এনাম

স্টাফ রিপোর্টার

আধুনিক বাংলাদেশের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তিকে প্রতিষ্ঠিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব এনাম।

রবিবার আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) ড. আনোয়ার হোসেন মিলনায়তনে বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘ (বায়েস) আয়োজিত "বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রাতিষ্ঠানিক ও ফলিত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন" শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি কমিশনের দক্ষ বিজ্ঞানী ও পিএইচডি গবেষকদের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।

মন্ত্রী এনাম বলেন, "বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিপুল সংখ্যক দক্ষ বিজ্ঞানী ও পিএইচডি ডিগ্রিধারী গবেষক রয়েছেন। জাতীয় উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে তাঁদের মেধা ও গবেষণালব্ধ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।" তিনি আরও জানান, বিজ্ঞানী ও গবেষকদের বিভিন্ন অভিযোগ ও চ্যালেঞ্জগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করে সমাধান করা হবে।

পারমাণবিক প্রযুক্তি কেবল বিদ্যুৎ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নয় উল্লেখ করে মন্ত্রী খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্যসেবা, ক্যানসার চিকিৎসা, শিল্প ও মানবসম্পদ উন্নয়নে এর ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (আরএনপিপি) প্রকল্প সম্পর্কে মন্ত্রী আশ্বাস দিয়ে জানান, এর ফুয়েল লোডিং (জ্বালানি লোড) সম্পন্ন হয়েছে এবং প্রকৌশলীরা নিষ্ঠার সাথে কাজ করছেন। তিনি জোর দিয়ে বলেন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে সম্পূর্ণ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে কঠোর পরীক্ষা-নিরীক্ষা এবং কারিগরি প্রক্রিয়া শেষ হওয়ার পরেই এই কেন্দ্রটির কার্যক্রম চালু করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় সুবিধা পৌঁছে দিতে দেশব্যাপী নিউক্লিয়ার মেডিসিন ও ডায়াগনস্টিক সেবার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে কমিশনের বিদ্যমান সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দেন।

এইইআরই-এর পরিচালক ও বায়েস-এর সভাপতি ড. এ.এস.এম. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। বায়েস-এর সাধারণ সম্পাদক ও এইইআরই-এর পরিচালক ড. মো. গোলাম রসুল স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিএইসি-এর চেয়ারম্যান ড. এম. মইনুল ইসলাম, বিএইআরএ-এর চেয়ারম্যান মাহমুদুল হাসান, বিএইসি-এর প্রাক্তন চেয়ারম্যান ড. সারওয়ার হোসেন ও প্রকৌশলী মো. আলী জুলকারনাইন, বিএইসি-এর সদস্য (পরিকল্পনা) মো. হাসিনুর রহমান এবং বিএইসি-এর প্রাক্তন পরিচালক ড. ফারিয়া নাসরিনসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানকালে মন্ত্রী এনাম বায়েস-এর মুখপত্র ও বৈজ্ঞানিক প্রকাশনা "অন্বেষা"-র মোড়ক উন্মোচন করেন। এ সময় এই খাতের বিভিন্ন প্রকল্প পরিচালক, কমিশন পরিচালক ও বিশিষ্ট বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন