ডার্ক মোড
Tuesday, 18 August 2026
ePaper   
Logo
‘বাংলাদেশী জাতীয়তাবাদ : তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট’ গ্রন্থের মোড়ক উন্মোচন :  বাংলাদেশী জাতীয়তাবাদ আত্মপরিচয়, জাতীয় ঐক্যের ভিত্তি : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

‘বাংলাদেশী জাতীয়তাবাদ : তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট’ গ্রন্থের মোড়ক উন্মোচন : বাংলাদেশী জাতীয়তাবাদ আত্মপরিচয়, জাতীয় ঐক্যের ভিত্তি : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশী জাতীয়তাবাদকে বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, স্বাধীন সত্তা ও জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে বিশিষ্ট লেখক, গবেষক ও সংগঠক রুহুল আমিন রচিত ‘বাংলাদেশী জাতীয়তাবাদ : তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার দুপুর ২ টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ (সিবিএস) আয়োজিত এক অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও বিশিষ্ট কবি আবদুল হাই শিকদার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আবদুল লতিফ মাসুম এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মোহনা টিভির নির্বাহী পরিচালক এম এ মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা, সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক নান্নু।

স্বাগত বক্তব্য প্রদান করেন সিবিএস এর সহসভাপতি, শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক সাধারন সম্পাদক শাহীন আক্তার শিমুল, অনুভূতি ব্যক্ত করেন বিশিষ্ট কবি, লেখক, সংগঠক রুহুল আমিন এবং সারসংক্ষেপ বক্তব্য দেন বইটির প্রকাশক দুর্বার পাবলিকেশন্স এর চেয়ারম‍্যান ও কানাডা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন পাটওয়ারী।

অনুষ্ঠানে সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ এর গবেষনা ক্ষেত্রে " ইনফরমেশন, রিসার্চ এন্ড কালচারাল উইং" ভিত্তিক ওয়েব সাইট www.ircwing.org উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

আখিনুর জ্যোতির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের সভাপতি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক ড. মোস্তফা মজিদ, ইউএনওপিএস এর সাবেক কান্ট্রি ম্যানেজার এরশাদ করিম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহাসচিব এবিএম সোহেল রশিদ ও সিবিএস এর নেতৃবৃন্দ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি দেশের বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেন, “বাংলাদেশী জাতীয়তাবাদ শুধু একটি রাজনৈতিক স্লোগান নয়; এটি বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, দেশপ্রেম, স্বাধীন সত্তা এবং জাতীয় ঐক্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি রাজনৈতিক ও সামাজিক দর্শন। একটি জাতির আত্মপরিচয়কে বুঝতে হলে তার ইতিহাস, সংগ্রাম, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতাকে বুঝতে হয়। লেখক ও গবেষক রুহুল আমিনের এই গ্রন্থ সেই আলোচনাকে সমৃদ্ধ করার একটি দারুণ ও সময়োচিত প্রয়াস।”

তিনি বলেন, “জ্ঞান ও গবেষণার আলোচনাকে কোনো দলীয় গণ্ডিতে সীমাবদ্ধ রাখা উচিত নয়। একটি রাজনৈতিক দর্শন সম্পর্কে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেই দর্শন নিয়ে গবেষণা, বিশ্লেষণ ও মুক্ত আলোচনা গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশী জাতীয়তাবাদ নিয়ে যে বিতর্ক, তার ঐতিহাসিক পটভূমি ও সমকালীন প্রাসঙ্গিকতা নতুন প্রজন্মের সামনে তথ্য ও যুক্তির মাধ্যমে তুলে ধরার প্রয়োজন রয়েছে।”

তিনি আরো বলেন, “বাংলাদেশের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য আমাদের এমন একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় প্রয়োজন, যেখানে ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চল ও মতের বৈচিত্র্যের মধ্যেও বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের অভিন্ন পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশী জাতীয়তাবাদের আলোচনাও সেই বৃহত্তর জাতীয় ঐক্যের জায়গা থেকে করা প্রয়োজন।”

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন দেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তিনি বলেন, “জাতীয়তাবাদকে ধারণ করতে হলে মানুষের অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রুহুল আমিনের বইটি বাংলাদেশী জাতীয়তাবাদের বিকাশ এবং সমকালীন রাজনীতিতে এর প্রাসঙ্গিকতা নিয়ে পাঠকদের চিন্তার খোরাক জোগাবে।”

বইটির প্রকাশক এস এম হুমায়ুন পাটওয়ারীর বক্তব্যে বলেন, ৩২ বছর নিরবিচ্ছিন্নভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার ও হাজার কোটি টাকা খরচ করে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হয়। তারা শহীদ জিয়ার রক্তেভেজা দল বিএনপিকে নি:শেষ করে দেবার ষড়ষন্ত্রে লিপ্ত হন। দেশের উন্নয়ন ও অগ্রগতির শত্রু, ইসলামী মূল্যবোধ বিরোধী শক্তি, বাংলাদেশী জাতিয়তাবাদ বিরোধী শক্তি, ভারত ও তাদের দালালরা গোয়েবলসীয় কায়দায় তারেক রহমানের বিরুদ্ধে অসহনীয় অপপ্রচার শুরু করেন। ষড়যন্ত্রকারীরা মনে করেন, বাংলাদেশকে ধ্বংস করতে হলে ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদ রুখতে হবে, বাংলাদেশী জাতীয়তাবাদ রুখতে হলে জিয়া পরিবারকে ধ্বংস করতে হবে! আর জিয়া পরিবারকে ধ্বংস করতে হলে তারেক জিয়াকে শেষ করতে হবে! জিয়া পরিবারের বিরুদ্ধে যুগযুগ ধরে চলা অপপ্রচারের বুদ্ধিবৃত্তিক জবাব দিতে হবে এবং ভারত-হাসিনার ষড়ষন্ত্র ও দেশ-বিরোধী কার্যকলাপ নতুন প্রজন্ম ও বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট নজরুল হক নানু বলেন, “জাতীয় পরিচয় ও জাতীয় ঐক্যের প্রশ্নে একটি সুস্থ, যুক্তিনির্ভর ও গবেষণাভিত্তিক আলোচনা সময়ের দাবি। সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ ভবিষ্যতেও বাংলাদেশের ইতিহাস, রাজনীতি, সমাজ ও রাষ্ট্রচিন্তা নিয়ে গবেষণা ও বুদ্ধিবৃত্তিক আলোচনা অব্যাহত রাখবে।”

উল্লেখ্য, ‘বাংলাদেশী জাতীয়তাবাদ : তারেক রহমান ও বর্তমান প্রেক্ষাপট’ গ্রন্থটি প্রকাশ করেছে দুর্বার পাবলিকেশন্স। ১৪৪ পৃষ্ঠার বইটিতে বাংলাদেশী জাতীয়তাবাদের ঐতিহাসিক ভিত্তি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা এবং তারেক রহমানের নেতৃত্ব ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন