ডিসি ফরিদা খানমের উদ্যোগ: ঢাকার ৩৯ ইউপিতে কর্মচারীদের স্বচ্ছ বদলিতে লটারি
স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদের কর্মচারীদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে ঢাকার পাঁচটি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদের কর্মচারীদের জন্য লটারিভিত্তিক পদায়ন ব্যবস্থার আয়োজন করেছে ঢাকা জেলা প্রশাসন।
রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই লটারির আয়োজন করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা জেলায় মোট ৬২টি ইউনিয়ন পরিষদ এবং সমসংখ্যক পদ রয়েছে। যার মধ্যে বর্তমানে ৫৯ জন কর্মচারী কর্মরত আছেন এবং ৩টি পদ শূন্য রয়েছে। এই বদলি প্রক্রিয়ার অংশ হিসেবে ৩৯টি ইউনিয়ন পরিষদের কর্মচারীদের লটারির মাধ্যমে নতুন কর্মস্থলে পুনর্বিন্যাসের ব্যবস্থা করা হয়।
এই লটারিতে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলার ইউনিয়ন পরিষদের ২৬ জন কর্মচারী এবং সাভার ও ধামরাই উপজেলার ১৩ জন কর্মচারীকে অন্তর্ভুক্ত করা হয়।
ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো বদলি ও পদায়ন প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক রাখা। প্রশাসনিক বদলিতে যাতে স্বজনপ্রীতি, ব্যক্তিগত প্রভাব বা অবৈধ তদবিরের কোনো সুযোগ না থাকে, সে বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।"
তিনি আরও যোগ করেন, লটারির মাধ্যমে পদায়ন করার ফলে প্রতিটি কর্মচারী সমান সুযোগ পাচ্ছেন, যা বদলি প্রক্রিয়া নিয়ে অযাচিত প্রশ্ন বা সংশয় দূর করবে। নীতি-চালিত প্রশাসনের ওপর জোর দিয়ে তিনি উল্লেখ করেন, এই উদ্যোগ অসাধু তদবির বন্ধ করবে, জবাবদিহিতা বৃদ্ধি করবে এবং প্রশাসনিক শৃঙ্খলা জোরদার করবে।
জেলা প্রশাসন থেকে জানানো হয় যে, নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ লটারির মাধ্যমে কর্মচারীদের পদায়ন সম্পন্ন করা হয়েছে। এই পদক্ষেপের ফলে ইউপি পর্যায়ে স্বজনপ্রীতি ও অহেতুক প্রভাব হ্রাস পাবে এবং সুশাসন ও জনসেবার মান আরও উন্নত হবে।
সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা মনে করেন, পদ্ধতিগত এই বদলি প্রক্রিয়া একই কর্মস্থলে দীর্ঘদিন অবস্থানজনিত কারণে সৃষ্ট অপ্রয়োজনীয় প্রভাব কমাতে এবং কর্মচারীদের মধ্যে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লটারির মাধ্যমে নতুন পদায়ন পাওয়া কর্মচারীদের আগামী ১৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম।

