সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারগামী বিপুল পরিমাণ রাসায়নিক সার জব্দ
স্টাফ রিপোর্টার
মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে আনুমানিক ১৪.৩৫ লাখ টাকা মূল্যের ৪১০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড ঘাট এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি সন্দেহভাজন কার্গো বোট তল্লাশি করে অবৈধভাবে মিয়ানমারে পাচারের জন্য রাখা ৪১০ বস্তা ইউরিয়া সার এবং পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করেন।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হওয়ায় অভিযানকালে কাউকেই আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত সার ও বাজেয়াপ্ত কার্গো বোটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

