ভোলার ইলিশা লঞ্চঘাটে নৌকাডুবি: ২ জনকে জীবিত উদ্ধার ও চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড
ভোলা প্রতিনিধি
ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি ফিশিং নৌকা ডুবির ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি ছোট ফিশিং নৌকা প্রবল ঢেউয়ের তোড়ে পড়ে ডুবে যায়।
সংবাদ পাওয়ার সাথে সাথেই কোস্ট গার্ড স্টেশন ইলিশা উক্ত এলাকায় একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে এবং নৌকায় থাকা দুই জেলেকে সশরীরে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হয়।
পরবর্তীতে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সমুদ্রে ও নদীতে যেকোনো জরুরি প্রয়োজনে এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়।

