শর্তসাপেক্ষে ইসরায়েলে অস্ত্র বিক্রি আবার শুরুর পথে জার্মানি
গাজায় যুদ্ধের কারণে গত অগাস্টে ইসরায়েলে অস্ত্র বিক্রি স্থগিত করেছিল জার্মানি। কিন্তু সেই স্থগিতাদেশ তুলে দিয়ে আবার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।
তবে তারা শর্ত দিয়ে বলেছে, এর জন্য ইসরায়েলকে গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি বহাল রাখতে হবে এবং মানবিক সহায়তা প্রবেশের দ্বারও অবাধ থাকতে হবে।
যুক্তরাষ্ট্রের পরই ইসরায়েলে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে জার্মানি। গাজায় যুদ্ধে ব্যবহার হতে পারে এমন শঙ্কায় ইসরায়েলে অস্ত্র রপ্তানি না করার সিদ্ধান্ত গত অগাস্টে জানিয়েছিল জার্মানি।
দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস তখন বলেছিলেন, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ইসরায়েলে কোনও অস্ত্রের রপ্তানি অনুমোদন করবে না বার্লিন। বিশেষ করে সেই অস্ত্র যদি গাজায় ব্যবহার করা হয়৷
সোমবার জার্মানি শর্তসাপেক্ষে আগের এই অবস্থান থেকে সরে এসেছে। আগামী ২৪ নভেম্বর থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানির ওপর স্থগিতাদেশ তুলে নেওয়া হবে বলে জানিয়েছে বার্লিন।
একইসঙ্গে গাজায় মাঠ পর্যায়ের পরিস্থিতির উন্নতি হচ্ছে কিনা তা নজরে রাখা হবে বলেও জানিয়েছেন জার্মান সরকারের এক মুখপাত্র।
জার্মান সরকারের আরেক মুখপাত্র বলেন, “এই সিদ্ধান্ত (অস্ত্র বিক্রি) ইসরায়েল ও ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির ভিত্তিতেই নেওয়া। আমরা আশা করি প্রত্যেকেই এই চুক্তি মেনে চলবে, যে চুক্তিতে যুদ্ধবিরতি রক্ষা করে চলার কথা বলা আছে।”
“একইসঙ্গে মানবিক সহায়তাও ব্যাপক মাত্রায় সরবরাহ হতে হবে এবং সৃশৃঙ্খলভাবে সেই প্রক্রিয়া চলমান থাকতে হবে।”
মুখপাত্র আরও বলেন, জার্মানি দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং গাজা পুনর্গঠনেও সমর্থন দিয়ে যাবে।
ইসরায়েলের গোঁড়া সমর্থক দেশগুলোর মধ্যে জার্মানি অন্যতম। বিশেষত, নাৎসি হলোকাস্টের দায়বদ্ধতার কারণে জার্মানি ইসরায়েলের অন্যতম প্রধান সমর্থক।
ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস তার সরকারের ভেতর থেকেই ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন।
এবার জার্মানি সেই স্থগিতাদেশ তোলার সিদ্ধান্ত নেওয়ার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডেওন সার এর প্রশংসা করেছেন। তিনি অন্য দেশগুলোকেও জার্মানির মতো একই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

