যুক্তরাষ্ট্রে এনডিসি প্রতিনিধিদলের শিক্ষা সফর সম্পন্ন
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি প্রতিনিধিদল।
‘ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৬’-এর প্রশিক্ষণের অংশ হিসেবে ২৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে এই ওভারসিজ স্টাডি ট্যুরে অংশ নেয়।
গত ৯ সেপ্টেম্বর এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোঃ ফয়জুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রে পৌঁছায়।
ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান এবং মিনিস্টার কনস্যুলার মোঃ মাহবুবুর রহমান।
সফরকালে প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি (এনডিইউ), বিশ্বব্যাংক-আইএমএফ ও জাতিসংঘ সদর দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি, সামরিক ও আন্তর্জাতিক সংস্থা সফর করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিদর্শনের মাধ্যমে প্রতিনিধিদলটি আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করে। সেখানে সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কুপর প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক তুলে ধরেন।
১৪ সেপ্টেম্বর প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে ডেপুটি ডিরেক্টর (পলিটিকো-মিলিটারি অ্যাফেয়ার্স) রিয়ার অ্যাডমিরাল স্টিফেন অলড্রিজ এবং সাউথ এশিয়া (পলিসি) বিষয়ক ডিরেক্টর জে ওয়াইজ প্রতিনিধিদলকে স্বাগত জানান।
পেন্টাগনে অনুষ্ঠিত আলোচনায় প্রতিরক্ষা সম্পর্ক, সামরিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা স্থান পায়। পেন্টাগন সফর শেষে প্রতিনিধিদলটি ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে এবং রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ ও দূতাবাসের কার্যক্রম বিষয়ে ব্রিফিং লাভ করে।
১৫ সেপ্টেম্বর প্রতিনিধিদলটি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) সদর দপ্তর পরিদর্শন করেন ।
সংস্থাগুলোর নির্বাহী পরিচালক নীলকণ্ঠ মিশ্র এবং বিকল্প নির্বাহী পরিচালক মো. আবদুর রহমান খান প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।
বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
একই দিন ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি (এনডিইউ) এবং নিয়ার ইস্ট সাউথ এশিয়া (নেসা) সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ পরিদর্শনের সময় এনডিসি প্রতিনিধিদল নেসা সেন্টার আয়োজিত ‘স্পিকার সিরিজ’-এ অংশ নেয় এবং কৌশলগত নিরাপত্তা ও ভূরাজনীতি নিয়ে আলোচনা করেন।
১৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির কার্যক্রম শেষে প্রতিনিধিদল নিউইয়র্ক গমন করে। ১৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের ‘অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্স’-এর চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াকাইয়া দিওপ তাদের স্বাগত জানান এবং জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনের কার্যক্রম তুলে ধরেন।
পরবর্তী সময়ে প্রতিনিধিদল নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন পরিদর্শন করে। সেখানে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ অন্যান্য কার্যক্রমে বাংলাদেশের অবদান ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন।
এই শিক্ষা সফরের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স কোর্সের প্রশিক্ষণার্থীরা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকাঠামো, প্রতিরক্ষা নীতি, আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্ব অর্থনীতি এবং শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
সফর শেষে প্রতিনিধিদলটির আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ দেশে ফেরার কথা রয়েছে।

