মুন্সীগঞ্জের কাছে লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
স্টাফ রিপোর্টার
জরুরি হটলাইন ‘১৬১১১’-এ পাওয়া ফোনকলের ভিত্তিতে যাত্রীবাহী লঞ্চে এক মুমূর্ষু শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জরুরি চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই উদ্ধার অভিযানের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অসুস্থ নাতিকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি কর্ণফুলী-৪’ লঞ্চে ওঠেন এক বয়স্ক যাত্রী।
দুপুর আনুমানিক ২টার দিকে লঞ্চটি মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে লঞ্চের মাস্টার তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি হেল্পলাইন ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
সংবাদ পাওয়ার সাথে সাথেই কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম মুন্সীগঞ্জের কাছে মাঝনদীতে লঞ্চটিতে উঠে শিশুটিকে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে উচ্চগতির বোটে করে শিশুটিকে দ্রুত সদরঘাট লঞ্চ টার্মিনালে নিয়ে আসা হয় এবং কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সিএনজিযোগে নিরাপদে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পাঠানো হয়।

