আঞ্চলিক শ্রম দপ্তর কুমিল্লায় ৬১ জন শ্রমিককে ৩৮ লাখ টাকার সহায়তা
কুমিল্লা প্রতিনিধি: আঞ্চলিক শ্রম দপ্তর কুমিল্লায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লা আঞ্চলিক শ্রম দপ্তরে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক শ্রম দপ্তর কুমিল্লার উপপরিচালক মোহা. আবুল বাসার।
পরে তিনি ৬১ জন বিভিন্ন খাতের শ্রমিকের হাতে প্রায় ৩৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। নির্মাণ কাজ করতে গিয়ে আহত, নিহত শ্রমিকের পরিবার এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার জন্য এ অনুদান দেওয়া হয়।
চেকগুলো লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী ও নোয়াখালী জেলার শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক শ্রম দপ্তরের শ্রম কর্মকর্তা মো. গোলাম সহিদ সারোয়ার, অফিস সহকারী মো. সোহরাব হোসেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুর আলমসহ ৬১ জন উপকারভোগী শ্রমিক উপস্থিত ছিলেন ।

