সেন্ট মার্টিনে নিম্নআয়ের মানুষের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ সামগ্রী বিতরণ
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপে ১৫০টি নিম্নআয়ের পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ মানবিক উদ্যোগের কথা নিশ্চিত করে জানান, কোস্ট গার্ড অর্পিত সমুদ্র নিরাপত্তার মূল দায়িত্ব পালনের পাশাপাশি উপকূলীয় অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর সাহায্যে নিয়মিত কাজ করে যাচ্ছে।
কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড জাহাজ (সিজিএস) তাজউদ্দীনের সহায়তায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় দ্বীপের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সরাসরি পৌঁছে দেওয়া হয়।
উপকূলীয় ও দূরবর্তী প্রান্তিক অঞ্চলের মানুষের যেকোনো সংকটময় মুহূর্তে কোস্ট গার্ডের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

